|১৩ এপ্রিল ২০২৬ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার শিল্পাঞ্চলে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (KEPZ)-এ অবস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ৮০ শতাংশ স্থানীয় লোক নিয়োগ নিশ্চিত করার দাবিতে আগামী ১৮ এপ্রিল, শনিবার সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
দলটির আনোয়ারা উপজেলা শাখা সূত্রে জানা যায়, KEPZ-এর দৌলতপুর মেইন গেট এলাকায় সমাবেশটি অনুষ্ঠিত হবে।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ারার ভূমি ও সম্পদ ব্যবহার করে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও বাইরের লোকদের অগ্রাধিকার দেওয়ায় এলাকায় বেকারত্ব বাড়ছে এবং তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ৮০ শতাংশ স্থানীয় কোটা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও দলের যুগ্ম-সমন্বয়কারী দেলোয়ার হোসেন বলেন, “এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন অপরিহার্য। স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করতেই আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “১৮ এপ্রিলের সমাবেশে সর্বস্তরের তরুণ সমাজকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”
দলটির নেতারা মনে করেন, মেগা প্রকল্পগুলোর সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে না পারা প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক। এই বৈষম্যের অবসান ঘটাতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে সমাবেশকে সফল করতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রস্তুতিমূলক সভা চলছে। স্থানীয়দের মধ্যে কর্মসূচি ঘিরে আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।