‘জুলাই জাতীয় সনদ ও গণভোট: জনাকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (রংপুর বিভাগ) মাওলানা আবদুল হালিম, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ খান প্রধান, জামায়াতের মজলিসে সূরার সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “জনগণের রায়ই চূড়ান্ত। জুলাই ছিল জনগণের আন্দোলন। জনগণের প্রতিনিধিদের কাছে জনগণই ক্ষমতা অর্পণ করে।” তিনি বলেন, “জুলাই সনদ ও গণভোট, সংস্কার ও সংসদ—এই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জুলাই সনদে ভিন্নমতকে সম্মান করা হলেও গণভোটের বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। সংস্কার ও সংশোধনের নামে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক হবে না। এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।