চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘জুন্না বলি’ নামে পরিচিত বৈশাখী মেলা পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ ১২ থেকে ১৫ বছর ধরে বন্ধ থাকা এই মেলাটি আবার আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, একসময় এই মেলাটি ছিল দক্ষিণ চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন। বৈশাখী এই উৎসবকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসতেন। গ্রামীণ খেলাধুলা, ঐতিহ্যবাহী আয়োজন এবং মিলনমেলায় মুখরিত হয়ে উঠত পুরো এলাকা।
এলাকাবাসী জানান, মেলাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এলাকার একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই তারা চান, ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও দায়িত্বশীলরা উদ্যোগ নিয়ে আবারও এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন নিশ্চিত করুন।তাদের বিশ্বাস, মেলাটি পুনরায় চালু হলে উপকূলীয় এই অঞ্চলের মানুষ তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরে পাবে। পাশাপাশি আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামে নতুন করে পরিচিতি লাভ করবে এই মেলা। এতে স্থানীয়দের জন্য সৃষ্টি হবে আনন্দঘন পরিবেশ এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আগামীতেই এই ঐতিহ্যবাহী ‘জুন্না বলি’ বৈশাখী মেলা পুনরায় চালু করা সম্ভব হয়।