নগর ব্যবস্থাপনার উন্নয়ন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং সুন্দর, বাসযোগ্য ও দখলমুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ মে সকাল সাড়ে ১১টায় নগর ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ইয়ুথ ফোরাম অব বরিশাল।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি নগরকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ।
মতবিনিময় সভায় নগরের যানজট, অবৈধ দখল, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখল, নিরাপদ খাদ্য এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নগর উন্নয়নে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।