উদ্বোধনের দিনেই বন্ধ হয়ে গেল মাসব্যাপী বরিশাল শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। উচ্চ আদালতের নির্দেশে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ মেলা স্থায়ীভাবে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন ও আয়োজক সংস্থাকে।
শুক্রবার ২২ মে বিকেলে মেলার উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে আদালতের আদেশ পৌঁছালে তা আর সম্ভব হয়নি। পরে মেলা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, গত ১৮ মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা শিক্ষা কর্মকর্তা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি-সচিবকে বিবাদী করা হয়।
আবেদনে বলা হয়, স্কুল প্রাঙ্গণে বাণিজ্য মেলার আয়োজন শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটাবে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এবং অ্যাকাডেমিক পরিবেশ নষ্ট করবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় এমন আয়োজন শিক্ষার অধিকারের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত একটি রুল জারি করে আগামী ১৫ জুনের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে নির্দেশ দেন। একইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ২০ মে থেকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কোনো বাণিজ্য মেলা আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়।
তবে আদালতের আদেশ থাকা সত্ত্বেও শুক্রবার বিকেল ৫টায় মেলা উদ্বোধনের প্রস্তুতি নেয় আয়োজক প্রতিষ্ঠানবরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গেছে। এতে দর্শনার্থীরাও মেলার মাঠে জড়ো হতে শুরু করেন।
কিন্তু উদ্বোধনের আগেই উচ্চ আদালতের নির্দেশনার নথি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হাতে পৌঁছালে পুরো আয়োজন স্থগিত করা হয়।