ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী মোছা. নাসিমা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ই জুন সোমবার ফাজিলপুর গ্রামের একটি স্থানে দগ্ধ অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলমান
ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। অন্যায় যে-ই করুক না কেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”