পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা ছিল সাধারণ মানুষের।
বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তাঁর আকস্মিক পদত্যাগে পার্বত্যাঞ্চলের জনমানসে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। তাঁরা সরকারের কাছে পদত্যাগের কারণ স্পষ্ট করার পাশাপাশি তাঁকে পুনর্বহালের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় দীপেন দেওয়ানের মতো অভিজ্ঞ ব্যক্তির উপস্থিতি অপরিহার্য। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সাংবাদিক চাইথোয়াই মারমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, সার্জেন্ট (অবঃ) ননী ব্রত ত্রিপুরা, জেলা সমবায় কর্মকর্তা (অব.) রত্নকান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ অনেকে।