• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নির্বাচিত হতে পারলে তরুণদের নিয়ে রূপসা উপজেলার খাদেম হবো: শেখ আব্দুর রশীদ

নিজস্ব প্রতিবেদক / ২৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

খুলনা জেলার রূপসা উপজেলার ২নং শ্রীফলতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও রূপসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশীদের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুর রশীদ বলেন, “আমি নির্বাচিত হতে পারলে ক্ষমতার আসনে বসতে চাই না; বরং রূপসা উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও সম্ভাবনাময় রূপসা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, উপজেলার অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ গ্রহণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উপজেলা পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মঈনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য নাজমুস সাকির পিন্টু, সাবেক খুলনা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ, সাবেক খুলনা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেবুব হাসান মামুন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুলাল আকন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হাসান গাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের খুলনা জেলা সভাপতি মোঃ রিপন, বিএনপি নেতা আব্দুল হান্নান ফকির রূপসা থানা যুবদল নেতা মোঃ আরিফ শেখ, মোঃ আব্দুস সোবহান ব্যাপারীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা শেখ আব্দুর রশীদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও এলাকার উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরে আগামী নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।
শেষে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..