বরগুনার বেতাগীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৯৪৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ২ হাজার ৮০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১ হাজার ৪০০টি আম, ৭০০টি পেয়ারা এবং ৭০০টি লিচুর চারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি আরিফুর রহমান আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধও সৃষ্টি হচ্ছে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফুর রহমান আরিফ বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি নিজ হাতে অন্তত একটি গাছ রোপণ করে পরিচর্যা করে, তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে। শিক্ষার্থীরা যেন পাওয়া চারাটি যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে-এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী মো. রাকিব হাসান ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঔশী আক্তার গাছ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং শুধু রোপণ নয়, নিয়মিত পরিচর্যার প্রতিশ্রুতি দেয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।