কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উফশী জাতের আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধান ও সবজির বীজ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানাসহ পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, সাম্প্রতিক বন্যায় মাটিরাঙ্গাযর প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি খাতকে দ্রুত ঘুরে দাঁড় করাতে সরকারের পক্ষ থেকে এ প্রনোদনা বিতরণ করা হলো। বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যদি সময়মতো আবাদ শুরু করতে পারেন, তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধানের বীজ এবং ৪০০ কৃষকের মাঝে ৭টি উন্নত জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক বণ্যায় ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গার কৃষি খাতকে দ্রুত পুনর্গঠন করতে সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপকারভোগী কৃষকরা।