রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান কর্নারটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন (সবুজ) এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা যাতে প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়ানোর সময় কোনো ধরনের অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়েন এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন— সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম বলেন, “মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধের বিকল্প নেই। এই ব্রেস্টফিডিং কর্নার চালুর মাধ্যমে হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষারত দুগ্ধদানকারী মায়েদের শারীরিক ও মানসিক ভোগান্তি অনেকাংশে কমবে। পাশাপাশি সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে মায়েরা আরও উৎসাহিত হবেন।” তিনি এ মহতী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানকে আন্তরিক ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো স্পর্শকাতর ও জনবহুল স্থানে একটি নির্দিষ্ট ব্রেস্টফিডিং কর্নার থাকা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের ফলে চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন, যা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”