• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি / ১৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


‎শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে খেদারমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার পাঁচ বছর বয়সী মেয়ে অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার বাবা সুজিত বিকাশ চাকমা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


‎অন্যদিকে, সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ১২ বছর বয়সী কান্দারা চাকমা। তার বাবা লক্ষ্মীরঞ্জন চাকমা জানান, গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে কান্দারা পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


‎দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর জানান, গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে কান্দারা চাকমার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


‎খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা অনুষ্কার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।


‎এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে নিহত অনুষ্কার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।


‎দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের জলাশয়, নদী ও বন্যার পানির আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..