মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত এ চাল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজার সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। এছাড়া জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, ইউপি সদস্য আবুল কাসেম, ইউপি সদস্য আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। দুর্যোগের সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার অন্যতম দৃষ্টান্ত।
চাল বিতরণকালে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।