মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সামাজিক ও সচেতন মহল এই ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য নাজমুল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকা ও জনগণের উন্নয়নে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অবাস্তব ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইমরান শেখ ও আব্দুল মান্নান জানান, নাজমুল হাওলাদার ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতেই একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছ। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের শামিল।
তারা অবিলম্বে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।