• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ, ‎বাঘাইছড়ি প্রতিনিধি- / ৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

“সাক্ষরতা অর্জন করি, দক্ষতা বৃদ্ধি করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা, রাঙ্গামাটির সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা’র সঞ্চালনায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখা নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও সুবিধাবঞ্চিতদের শিক্ষার আওতায় এনে জীবনমুখী ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।

‎বক্তারা আরও বলেন, সাক্ষরতা মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও আত্মনির্ভরশীলতা বাড়ায়। বাঘাইছড়িতে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎বক্তারা বাঘাইছড়িকে নিরক্ষরমুক্ত ও দক্ষতাসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..