মোংলা উপজেলার চিলা ইউনিয়নে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,এই ইউনিয়নের বেশিরভাগ গ্রামগুলোতে এখন মাদকের রমরমা ব্যবসা চলছে বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে গড়ে ওঠা এই সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
অনুসন্ধানে জানা গেছে,মাদক কেনাবেচার জন্য এখন আর নির্দিষ্ট কোনো আড্ডায় যেতে হয় না স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করেই নিরাপদ স্থানে পৌঁছে যাচ্ছে মরণনেশা ইয়াবা বিক্রেতারা অত্যন্ত চতুরতার সাথে ফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং সময় ও স্থান নির্ধারণ করে দেয়।
স্থানীয় একাধিক ব্যক্তির তথ্যমতে বর্তমানে চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি ইয়াবা ট্যাবলেট ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এই মরণনেশার দিকে ঝুঁকে পড়ছে,যা এলাকায় সামাজিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
মাদকের এই ভয়াবহ বিস্তারের বিষয়ে মোংলা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে চিলা সহ মোংলার প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সচেতন নাগরিক ও অভিভাবকরা বলছেন,শুধু অভিযান নয়, মাদকের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি,অন্যথায় আগামী প্রজন্ম এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। দ্রুত পদক্ষেপ নিয়ে চিলা ইউনিয়ন সহ মোংলা উপজেলাকে মাদকমুক্ত করার জন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।