ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
জানা যায়, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুশা, যিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন—তার নেতৃত্বে সংঘটিত হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে উপস্থিত থেকে খন্দকার নাসিরুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।