নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দিনাজপুর জেলা স্কুলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির গুলিবিদ্ধ আহত যোদ্ধা ও “আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন এবং সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে মোঃ শাহীন বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন কায়েমের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। তারা অভিযোগ করেন, বিরোধী মত ও রাজনৈতিক কর্মসূচি দমনে নানা সময়ে হামলা, মামলা, গুম, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
পরে অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় প্রতিবাদী স্লোগান দেয়। এ সময় অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, যে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকতে হবে এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।