চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ সারেঙ্গা এলাকার সাপমারা খাল সংলগ্ন দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি সাঁকো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাঁকোটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানার পর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।
বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করলেও তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সাঁকোটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়েছে। তাঁর পক্ষে এ অর্থ স্থানীয়দের কাছে পৌঁছে দেন তাঁর মেজ ভাই মোহাম্মদ মহিউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি সংস্কার হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং নিরাপদে চলাচল করা সম্ভব হবে। এ উদ্যোগের জন্য তারা রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।