ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩৯ নম্বর পশ্চিম গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু নির্মাণে যথাযথ পাইলিং না দেওয়ায় বিদ্যালয়ের খেলার মাঠ ও মূল ভবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। খালের তীব্র স্রোত ও বর্ষার পানিতে মাটি সরে গিয়ে ভবনের দক্ষিণ-পূর্ব কোণের কলাম উন্মুক্ত হয়ে পড়েছে। এতে ভবনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঝুঁকি কমাতে স্কুলের নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত স্থানে বালুভর্তি বস্তা ফেলা হয়েছিল। তবে টানা বৃষ্টিতে সেগুলো ধুয়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুরোনো বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বৃষ্টির সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও ভবনের ভেতরে পানি ঢুকে পাঠদানও ব্যাহত হচ্ছে। খালের স্রোত এবং অব্যাহত বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ ও ভবন আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তবে বরাদ্দ না থাকায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। বর্তমানে বিদ্যালয়টিতে ৬১ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যেতে বাধ্য হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয় ভবন ও মাঠ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।