• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৪২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুলসংখ্যক শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীদের অনেককে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী রেল চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে। রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছেন এবং নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়ম, প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য সমস্যার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলমান থাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল এবং দিনাজপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..