মাগুরায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) বেলা ১১টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ বিকেলে শ্রীকোল গ্রামের মিকিজ শেখের মেয়ে রাজিয়া খাতুন বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশের বাঁশঝাড়ের নিচ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর ২০২২ সালের ১৯ মার্চ নিহতের বাবা মিকিজ শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় হাসান শেখকে একমাত্র আসামি করে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। র্যাব ও পুলিশ তদন্ত চালিয়ে আসামিকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়, আসামি হাসান শেখ নির্জন স্থানে রাজিয়াকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে ব্লেড দিয়ে গলা কেটে রাজিয়ার মৃত্যু নিশ্চিত করে।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। রায় ঘোষণার পর নিহতের মা ছবিরন নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার সঠিক বিচার পেয়েছি। এখন আমাদের একটাই দাবি, এই মৃত্যুদণ্ড যেন দ্রুত কার্যকর করা হয়।”
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এশা খন্দকার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহেদ রহমান।