সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দরনেতা জসিম উদ্দিন।
মঙ্গলবার (২১ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়।
১ নম্বর লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আমি লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন হিসাবে আমার পারিবারিক নার্সারিতে উৎপাদিত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।
আনসার-ভিডিপি সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রশিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করার পাশাপাশি বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ও নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা লোগাং ইউপি ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করছে।