খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ওলামা দলের সদস্য সচিব মরহুম মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তাঁর দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
২৭ জুলাই (সোমবার) বিকেলে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ওলামা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সুলতান আহমেদ।
উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। তিনি বলেন, মরহুম মাওলানা আব্দুল মজিদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শিক ব্যক্তিত্ব। দ্বীনি শিক্ষা, সামাজিক কল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও ত্যাগী জীবন নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুস সাত্তার। বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুম মাওলানা আব্দুল মজিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। এ সময় উপজেলা বিএনপি, ওলামা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।