ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বীলেরবাড়ি এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাঠমিস্ত্রী দুলাল বেপারীর বসতঘর। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগম ও তাদের চার সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন পরিবারটি।
পরিবারের অভিযোগ, তারা বাড়ির বাইরে বেড়াতে গেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বসতঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা এবং সংসারের সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দুলাল বেপারী জানান, শ্বশুরের দেওয়া সামান্য জমিতে প্রায় দুই বছর আগে কষ্ট করে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ঘরটিতে বিদ্যুতের কোনো সংযোগও ছিল না। তাই আগুন লাগার ঘটনায় তিনি নাশকতার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমি একজন কাঠমিস্ত্রী।
দিন এনে দিন খাই। স্ত্রী বাকপ্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা। চার সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নিচে আছি। ঘরের সবকিছু পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, কীভাবে চলব—কিছুই বুঝতে পারছি না।
স্থানীয়রা জানান, অসহায় পরিবারটির পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ছোট ছোট চার সন্তানের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে দ্রুত মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বিকাশ-01773046231.
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।