রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার উন্নয়ন অগ্রগতি, নাগরিক সমস্যা, সামাজিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় অঞ্চল, যেখানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে উন্নয়নের গতি আরও বাড়ানো সম্ভব। তিনি জানান, প্রশাসন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সত্যনিষ্ঠ তথ্য তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করে। সাংবাদিকদের দায়িত্বশীল প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে সহায়তা করে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং নাগরিক সেবার মান উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।