• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ডেস্ক রিপোর্ট / ৩৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।

নতুন দায়িত্বে দুলু

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসন থেকে ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত দুলু ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০১ সালে বিএনপি সরকারে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্বের ফলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন তিনি।

সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে থাকেন। বর্তমান গঠিত কমিটিগুলোর মধ্যে সরকারি হিসাব কমিটির সভাপতির পদটি বিরোধী দলের জন্য রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..