ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।” একই সঙ্গে বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও ঋণখেলাপি পরিস্থিতির সমালোচনা করেন তিনি।
রুমিন ফারহানার বক্তব্যের সময় সংসদে উত্তেজনা তৈরি হলে তিনি বলেন, “এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।” আওয়ামী লীগ সরকারের আমলেও তার বক্তব্যের সময় হট্টগোল হতো উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি।
ব্যাংক রেজল্যুশন বিলের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিলে ১৮-এর ‘ক’ ধারা রাখা হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের পরিস্থিতি সৃষ্টি হয়।