• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

আ.লীগ-ভারতের সঙ্গে আঁতাত করেই দেশ অশান্তের চেষ্টা জামায়াতের: রাশেদ খাঁন

দৈনিক গণচিঠি ডিজিটাল ডেস্ক / ১১ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন আঁতাত করে জামায়াত ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণাকেও তিনি দেশকে অশান্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি জাতীয় সমস্যা। এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চের মাধ্যমে কী ধরনের সমস্যার সমাধান হবে—এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। ইতোমধ্যে জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লংমার্চ করেছে এবং রংপুর অভিমুখে আবারও লংমার্চের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, দিল্লি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না বলে জানান তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের বক্তব্যের মধ্যে মিল রয়েছে। তাঁর দাবি, জামায়াতের কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে সতর্ক থাকা প্রয়োজন।

এ সময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..