নেত্রকোনায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৬ শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৫৯ জন হাম আক্রান্ত শিশু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩০ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত হামের হটস্পট হিসেবে চিহ্নিত আটপাড়া উপজেলার তিনটি ইউনিয়নে বিশেষ টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সেখানে ১৩টি অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, গত তিন দিনে ২ হাজার ৭৬৬ জন শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলায় আরও ১ হাজার ৫০০ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই বিশেষ টিকাদান কার্যক্রম ২১ দিনব্যাপী চলবে বলেও জানান তিনি।
এদিকে, হামের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি জেলায় ডায়রিয়া রোগীর সংখ্যাও বেড়েছে। নেত্রকোনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।