প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আরও দক্ষ, আধুনিক এবং হালনাগাদ জ্ঞানসম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কঠোর ও দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে নবীন কর্মকর্তারা নিজেদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়েছেন, যা তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, একজন পুলিশ সদস্য হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের মূল শক্তি। এই আস্থা ধরে রাখতে হলে সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেবাই ধর্ম’—এই আদর্শকে ধারণ করে মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে হবে এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।