• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে ত্বরান্বিত হবে গুইমারার উন্নয়ন: ইউএনও

মোঃ নাইমুল ইসলাম, গুইমারা প্রতিনিধিঃ- / ৯৯ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা এলাকার উন্নয়ন এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না।

তিনি বলেন, “সাংবাদিকরা প্রশাসনের কোনো প্রতিপক্ষ নন; বরং তারা উন্নয়ন ও জনসেবার অন্যতম সহযোগী শক্তি।” জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনের কথা তুলে ধরে গণমাধ্যম প্রশাসনের কার্যক্রমকে আরও জনমুখী করতে সহায়তা করতে পারে।

বুধবার (১২ আগস্ট) গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিশকাতুল তামান্না এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় গুইমারা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, উন্নয়নসংক্রান্ত সমস্যা, জনসাধারণের প্রত্যাশা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী।

গুইমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক দিদারুল হৃদয়, আবুল হোসেন রিপন, আব্দুর রহিম, মো. আনোয়ার, মো. বেলাল, আবুল বশর ও ফোরকানুল হক সাকিবসহ গুইমারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ ও সমস্যা প্রশাসনের নজরে আনার পাশাপাশি স্থানীয় উন্নয়নের সম্ভাবনাগুলো তুলে ধরেন। একই সঙ্গে গুইমারার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং মতবিনিময় থাকলে স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সরকারি সেবার তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।

মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..