দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৩০৩ টাকা ৫০ পয়সা।
বিজিবি জানায়, ৯ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটে পরমেশ্বরপুর বিওপির সদস্যরা বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করেন। তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।
অন্যদিকে, একই রাতে ৯টা ৫ মিনিটে এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৬-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।