খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাধন রঞ্জন চাকমার (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর নিজ বাড়ি থেকে প্রায় ৫০০ থেকে ৭০০ মিটার দূরে পাহাড়ের ঢালুতে একটি কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাধন রঞ্জন চাকমা ওই এলাকার ভারত মোহন চাকমার ছেলে। তিনি দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে যেকোনো সময় নিজ বাড়ি থেকে সবার অজান্তে নিখোঁজ হন সাধন রঞ্জন চাকমা। তাঁর স্ত্রী জানান, ঘটনার দিন সকালে তিনি স্বামীকে বাড়িতে রেখে জুমের ক্ষেতে কাজ করতে যান। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে স্বামীকে দেখতে না পেয়ে আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
আজ (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি মন্দিরে ধর্মীয় পূজা শেষে বাড়ি ফেরার পথে তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির দক্ষিণ দিকে পাহাড়ের ঢালুতে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাধন রঞ্জন চাকমার বলে শনাক্ত করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে লক্ষ্মীছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।