ঈদগাঁও উপজেলার অন্যতম সেবামূলক ও মানবিক সংগঠন ‘ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন’ অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আবারও এগিয়ে এসেছে। সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৯ জুন) পবিত্র জুমার নামাজের পর তৃতীয়বারের মতো আয়োজিত ফ্রি খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এ সময় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন সাঈদ ও মিজবাহ উদ্দীন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, আনোয়ার হোসাইন ও সেলিম।
কার্যক্রমটি বাস্তবায়নে সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জুবাইর, সহ-সভাপতি সাজেদুর রহমান সুফাত, সাধারণ সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান তাফসির, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব এবং সংগঠনের সদস্য মোহাম্মদ সাকিব ও বেদারসহ আরও অনেকে।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।”
সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন, আগামী দিনেও সবার সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে প্রতি শুক্রবার এ ধরনের ফ্রি খাবার বিতরণ কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে।