নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ মিছিলের প্রতিবাদে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে শোডাউনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানান।
শোডাউনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তাজ, সুমন ডলার ও বিজয় চক্রবর্তী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম নয়ন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না ও সুলতান রাজা। এছাড়াও রাকিব, বাপ্পী, লিমনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
মোটরসাইকেল শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় মহারাজার মোড়ে এসে শেষ হয়। কর্মসূচি চলাকালে সড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এ কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়। শোডাউন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় রাসেল আলী চৌধুরী লিমন বলেন, “দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল ধরনের সন্ত্রাসী, নৈরাজ্যকর ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আমরা সবসময় সোচ্চার থাকব।”
তিনি আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাবে।