দিনাজপুরে বিজিবির দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে মৌচুষা বিওপির একটি দল সীমান্ত পিলার ৩২৯/৯-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।
একই রাতে রাত ১১টা ৪০ মিনিটে ডুংডুংগী বিওপির একটি দল সীমান্ত পিলার ৩২৫/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।