ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট গ্রামের একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একই সঙ্গে প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে দাবি জানানো হলেও সেতু ও সড়ক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, স্থানীয়দের দাবি অনুযায়ী এরশাদ সরকারের আমলে নির্মিত সেতুটির নিচের অংশের ঢালাই খসে পড়েছে। বিভিন্ন স্থানে লোহার রড বেরিয়ে এসেছে, যা সেতুটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তবুও প্রতিদিন মোটরসাইকেল, সাইকেল ও পথচারীসহ শতাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।
অন্যদিকে বর্ষা মৌসুমে সংযুক্ত দেড় কিলোমিটার কাঁচা সড়ক হাঁটুসমান কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী হাসপাতালে নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত অপসারণ করে নতুন সেতু নির্মাণ এবং কাঁচা সড়কটি টেকসইভাবে পাকাকরণ করা হোক। এতে এলাকার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।