দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৪,৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য জব্দ এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির অভিযান চলমান থাকবে।