বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় ও অতিরিক্ত বিভাগীয় ডাক কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে দুটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বিভাগীয় ডাকঘরে নিয়োজিত কর্মচারীদের সঙ্গে অতিরিক্ত বিভাগীয় ডাকঘরে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতার বৈষম্য দূর করা এবং বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করা।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি এস এম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আবু তালেবসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বিভাগীয় ডাক কর্মচারীরা অত্যন্ত স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। একই ধরনের দায়িত্ব পালন করলেও বিভাগীয় ও অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের মধ্যে বেতন-ভাতার ব্যাপক বৈষম্য রয়েছে, যা দ্রুত দূর করা প্রয়োজন। তারা জানান, প্রায় ৪৫ বছর ধরে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা বেতনে কাজ করে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
বক্তারা সরকারের কাছে তাদের যৌক্তিক দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।