• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
হেডলাইন :

খানসামায় নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রধান শিক্ষক

মোঃ রাশেদুল ইসলাম খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি : / ৩২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মানবিকতার মূল্য দিতে হলো জীবন দিয়ে, সড়কে নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রধান শিক্ষক
দিনাজপুরের খানসামা উপজেলায় এক মানবিক ঘটনার মর্মান্তিক পরিণতিতে প্রাণ হারিয়েছেন দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান। সড়কে হঠাৎ উঠে আসা এক নারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন আনিছুর রহমান। পথে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের আলোকঝাড়ী ইউনিয়নের আশা অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে এক নারী রাস্তার ওপর চলে আসেন। তাকে আঘাত করা এড়াতে মোটরসাইকেলের দিক পরিবর্তনের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তবে সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনিছুর রহমানের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন সজ্জন, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..