পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে ক্যাম্পের অন্তর্গত প্রাতাপাড়া ও বাকলাইপাড়ায় সফলভাবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় প্রাতাপাড়ায় ৫০টি এবং বাকলাইপাড়ায় ৫০টিসহ সর্বমোট ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। পার্বত্য অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফকাত, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় কারবারিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রতি আন্তরিক সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পার্বত্য অঞ্চলের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের মানবিক, জনমুখী ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।