খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের জন্য একটি ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং একজন প্যারামেডিক অংশ নেন। তারা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন সম্পন্ন হওয়া মোট ২৮ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন।
ফলো-আপ পরীক্ষায় চিকিৎসকরা রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা মূল্যায়ন করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, পরবর্তী পরিচর্যা বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অপারেশন-পরবর্তী রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকি নিশ্চিত করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।