‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে মাদকবিরোধী পথসভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে সচেতন হতে হবে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটিরাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।