চট্টগ্রামের আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আরাফাত (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ তারিখ রাত ৮টা থেকে ১০টার মধ্যবর্তী সময়ে গহিরা হাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত একই এলাকার বাসিন্দা। ঘটনার দিন রাতে স্থানীয় বড় পুকুরপাড় এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত মো. জাহাঙ্গীর (৪০), মো. নুরুল ইসলাম (৩৫)সহ ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা ধারালো দা দিয়ে আরাফাতের মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এছাড়া লাঠিসোটা ও টর্চলাইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে নীলফোলা জখম করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে বিবাদী দিলোয়ারা বেগম তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া নুরুল আজিম তার গলা থেকে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি রূপার চেইন এবং ২৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে যায়।
আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা আহত আরাফাতকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় আহত আরাফাত বাদী হয়ে আনোয়ারা থানায় ৮ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—
১. জাহাঙ্গীর (৪০), পিতা- মৃত ওমর আলী২. নুরুল ইসলাম (৩৫), পিতা- মৃত ওমর আলী৩. নুর করিম (৩০), পিতা- মৃত ওমর আলী৪. আলমগীর (৩২), পিতা- মৃত ওমর আলী৫. ছৈয়দুল হক (৩৫), পিতা- মৌলভী কবির৬. আলী (৫৫), পিতা- মৃত আহমদ হোসেন৭. নুরুল আজিম (৩৬), পিতা- মৃত ওমর আলী৮. দিলোয়ারা বেগম (৪৭), স্বামী- আবদুল মন্নান
ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।