চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেকেএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম, মো. ফয়জুল হক, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক এবং ব্যাংকার জাহাঙ্গীর আলম।
টুর্নামেন্ট পরিচালনা করেন ক্রীড়াবিদ সোহেল আরমান।
উদ্বোধনী খেলায় উত্তর চাতরী ফুটবল একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সিংহরা ওয়ার্ড ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।