পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা নগরীর জোড়াগেট সংলগ্ন কোরবানির পশুর হাট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে হাটটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, কোরবানির পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো হাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ২৪ ঘণ্টা খুলনা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে মনিটরিং করা হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, হয়রানি ও প্রতারণা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, হাটে আগত সবাইকে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি যেকোনো প্রয়োজনে নিকটস্থ পুলিশ সদস্যের সহায়তা নেওয়ার আহ্বান জানান। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। বিশেষ করে অনলাইনে পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনের মধ্য দিয়ে জোড়াগেট পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের আশ্বাস প্রদান করা হয়েছে।