খুলনার কয়রা ও পাইকগাছায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী কয়রা — পাইকগাছায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, “আমি আপনাদের পাশে থাকব, আপনাদের ছেড়ে যাইনি, এই অঞ্চলের উন্নয়নের মাধ্যমেই আপনাদের মাঝে থাকতে চাই। জনগণের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই বিএনপির প্রধান লক্ষ্য।”
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তৃণমূল মানুষের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি।সবসময় কাজ করে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। অল্প সময়ের মধ্যেই আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা আমি কখনও ভুলবো না।”
লক্ষীখোলা কলেজিয়েট স্কুলে সংবর্ধনা
সকাল সাড়ে ১০টায় পাইকগাছা লক্ষীখোলা কলেজিয়েট স্কুলে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এসময় তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব। শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। নারী শিক্ষার প্রসারে এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কলেজের শিক্ষার মানোন্নয়নে আধুনিক সুবিধাসম্বলিত ক্যাম্পাস, আইসিটি ক্লাসরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
কয়রা আইনজীবী সমিতিতে সংবর্ধনা
দুপুর ১২টায় কয়রা উপজেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর আলম নান্নুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, “আইনজীবীদের কল্যাণে আমি সবসময় পাশে থাকবো। নির্বাচনের সময় আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তাতে আমি মুগ্ধ। কয়রা আইনজীবী সমিতির অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করছি।”
ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
দুপুর সাড়ে ১২টায় কয়রা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে জেলা পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনিরুল হাসান বাপ্পী ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়া স্বাবলম্বী করে তুলতে ২৩ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার জন্য ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
উন্নয়নমূলক কাজের উদ্বোধন
দুপুর ২টায় কয়রা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বুজবুজিয়া ফরেস্ট অফিসের সামনে বসার বেঞ্চ ও শেড নির্মাণ, হরিহরপুর লঞ্চঘাট এলাকায় যাত্রীদের জন্য বসার বেঞ্চ নির্মাণ, কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের পাশে দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং হরিহরপুর মাহাতোপাড়া এইচবিবি সড়ক হতে ওয়াপদা অভিমুখী রাস্তার ইট সোলিং কাজ।
অনুষ্ঠানগুলোতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মোক্তার হোসেন।
কয়রা।