“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ রাখবো বারোমাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব ২০২৬।
রবিবার (২১ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সক্রেটিস চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন দেশীয় মৌসুমি ফলের সমাহারে আকর্ষণীয় স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, পেয়ারা, কলা, লটকনসহ নানা ধরনের দেশীয় ফল স্থান পায়।শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ফল সংগ্রহ ও সৃজনশীল সাজসজ্জার মাধ্যমে প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশীয় ফলের পুষ্টিগুণ, ফল চাষের গুরুত্ব এবং মৌসুমি ফল গ্রহণের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য।
উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।