ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন ওই গ্রামের কবির মোল্লা ও তার স্ত্রী সুবর্ণা আক্তার লিপি।
আহত লিপির শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় স্থানীয় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন সকাল আনুমানিক ৮টার দিকে দারখী গ্রামে। আহত কবির মোল্লা, তার স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কবির মোল্লার চাচা আফজাল মোল্লার মালিকানাধীন জমির গাছ শিমুল তালুকদার বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে কবির মোল্লা ও তার স্ত্রী লিপি ঘটনাস্থলে গিয়ে গাছ বিক্রির বিষয়ে জানতে চান।
এ সময় শিমুল তালুকদার, তার দুই বোন শিল্পী ও কাজলী এবং তাদের মা মিলে কবির-লিপি দম্পতির ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
কবির মোল্লার অভিযোগ, হামলাকারীরা তাকে ও তার স্ত্রীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর ঘরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা ও তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত শিমুল তালুকদার, তার দুই বোন শিল্পী ও কাজলী এবং তাদের মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত শিমুল তালুকদারকে পাওয়া যায়নি। আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।